শেষ রাতে যে পাঁচটি আমল করলে আল্লাহ নিজেই সাড়া দেন
শেষ রাতে যে পাঁচটি আমল করলে আল্লাহ নিজেই সাড়া দেন
ইসলামে শেষ রাতের আমল অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন ও হাদিসে এই সময় আল্লাহর ইবাদত, দোয়া ও তাওবার প্রতি বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে।মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন—“নিশ্চয়ই রাতে জাগরণ প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল।”
— (সুরা মুজ্জাম্মিল, আয়াত : ৬)
১. দোয়া ও ইসতিগফার
শেষ রাতে দোয়া, ইসতিগফার ও আল্লাহর কাছে যা চাওয়া হয়, তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—“আমাদের রব প্রতি রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন, যখন রাতের এক-তৃতীয়াংশ বাকি থাকে। তিনি বলেন—কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব; কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব; আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।”
(সহিহ বুখারি, হাদিস : ১১৪৫)
২. তাওবা ও ক্ষমা প্রার্থনা
অন্য এক হাদিসে এসেছে—রাসুল (সা.) বলেছেন, “রাতে আল্লাহ তাঁর দয়ার হাত প্রসারিত করেন, যেন দিনের অপরাধী তাঁর কাছে তাওবা করে।
তেমনি দিনে তিনি হাত প্রসারিত করেন, যেন রাতের অপরাধী তাওবা করে। এভাবে চলবে যত দিন না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়।”
(মুসলিম, হাদিস : ৬৮৮২)
৩. নফল নামাজ আদায়
শেষ রাতের সময় নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
আল্লাহ বলেন—“আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে। আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন।”
(সুরা বনি ইসরাঈল, আয়াত : ৭৯)
৪. কোরআন তিলাওয়াত
রাতে কোরআন পাঠ করা একটি বিশেষ মর্যাদাপূর্ণ ইবাদত।
আল্লাহ বলেন—“হে বস্ত্রাবৃত! রাতে নামাজে দাঁড়াও, কিছু অংশ ছাড়া রাতের অর্ধেক, কিংবা তার চেয়ে কিছুটা কম বা বেশি, এবং ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন পাঠ করো।”
(সুরা মুজ্জাম্মিল, আয়াত : ১–৪)
৫. তাসবিহ ও জিকির
রাতের ইবাদত শুধু নামাজ বা কোরআন পাঠে সীমাবদ্ধ নয় তাসবিহ ও জিকিরও শেষ রাতের শ্রেষ্ঠ আমলগুলোর একটি।
আল্লাহ তাআলা বলেন “এবং রাতের একাংশেও তুমি তাঁর তাসবিহ পাঠ করো এবং নামাজের পরও।”
(সুরা কাফ, আয়াত : ৪০)
আরেক আয়াতে এসেছে “আর রাতের একাংশে তাঁর উদ্দেশে সিজদা করো এবং দীর্ঘ রাত ধরে তাঁর তাসবিহ পাঠ করো।”
(সুরা দাহর, আয়াত : ২৬)
মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ রাতের এই আমলগুলো নিয়মিতভাবে আদায় করার তাওফিক দিন এবং আমাদের ইবাদত কবুল করুন

Comments
Post a Comment