৯ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাতিল করল ইসি
৯ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাতিল করল ইসি
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইসি অফিসসমূহে কর্মরত কর্মকর্তাদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরও দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে ইসি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজন হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
এই নির্দেশনা শুধুমাত্র সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যই প্রযোজ্য নয়, বরং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়িচালক এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও কার্যকর হবে।
এছাড়া, ইসি সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল কাজে নিয়োজিত বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করায় সেই আসনের নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশন তখন জানিয়েছিল, শেরপুর-৩ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হবে।
অন্যদিকে, বগুড়া-৬ আসনটি শূন্য হয়েছিল কারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি বগুড়া-৬ আসন ত্যাগ করে ঢাকা-১৭ আসনের শপথ গ্রহণ করেন।
সংবিধান অনুযায়ী কোনো জাতীয় সংসদের আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। এই প্রেক্ষাপটেই বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।

Comments
Post a Comment