বিএনপির আলোচিত যে নেতারা মন্ত্রীত্ব পাননি..see more
বিএনপির আলোচিত যে নেতারা মন্ত্রীত্ব পাননি..
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এবারের তারেক রহমানের মন্ত্রীসভায় অনেক নতুন মুখ থাকলেও, পূর্ববর্তী বিএনপি সরকারের হেভিওয়েট বেশ কয়েকজন শীর্ষনেতার স্থান হয়নি।
এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম - বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিজয়ী হয়ে সেবারের সংসদে গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা আব্বাস। এবার তাঁর আসন ঢাকা-৮ নিয়ে নির্বাচনে আগ্রহ ছিল অনেক। সেই আসনে জিতে সংসদ সদস্য হলেও কোনো মন্ত্রণালয় পাননি মির্জা আব্বাস।
বিএনপির আরেক আলোচিত শীর্ষ নেতা আব্দুল মঈন খান ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিও এবার কোনো মন্ত্রণালয় পাননি।
এছাড়াও খন্দকার মোশাররফ হোসেনের নাম আসবে মন্ত্রীত্ব না পাওয়া হেভিওয়েট বিএনপি নেতাদের তালিকায়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকার আমলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। অবশ্য এবার রাষ্ট্রপতি হওয়ার তালিকায় সম্ভাব্য যাঁদের নাম রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেনের নামও আছে।
বিএনপির আরেক নেতা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীও এবার কোনো মন্ত্রণালয় পাননি। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়াও ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি শাসনামলে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত পালন করা গয়েশ্বর চন্দ্র রায়ও এবার মন্ত্রীত্ব পাননি।
মন্ত্রীত্ব না পাওয়া আরেক আলোচিত নাম লুৎফর রহমান বাবর। ফাঁসির মঞ্চ থেকে ফিরে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। ২০০১ সালে বিএনপি শাসনামলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন লুৎফর জামান বাবর।
এর বাইরে আমানউল্লাহ আমান, সেলিমা রহমানসহ আরও কয়েকজন আলোচিত নেতা-নেত্রীও এবার মন্ত্রীত্ব পাননি।
তবে আপাতত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-প্রতিমন্ত্রী মিলিয়ে আরও ৪৯ জনের এই মন্ত্রীসভা ভবিষ্যতে আরও বাড়ে কি না, সেখানে এই আলোচিত নেতাদের কারও জায়গা হয় কি না, সেটা ভবিষ্যৎ বলবে।

Comments
Post a Comment